রাষ্ট্রপতির পদত্যাগ দাবি এবং দ্রুত নির্বাচনের আহ্বান জানালো জামায়াতে ইসলামী
- Update Time : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ২১৪ Time View

জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম। শনিবার সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্রপতির পদত্যাগ চায় এবং আশা করে যে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেবে।”
আব্দুল হালিম আরও বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে জামায়াতের ১১ জন শীর্ষনেতা নিহত হয়েছেন, ৩০ জন ক্রসফায়ারের শিকার হয়েছেন এবং এক লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পতিত আওয়ামী লীগ প্রতিনিয়ত বিভিন্ন ষড়যন্ত্র করছে, যা আমাদের প্রতিহত করতে হবে। জাতীয় স্বার্থে এখন ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের প্রয়োজন। জামায়াত প্রত্যাশা করে, মৌলিক সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে।” আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।






