বিশ্ববিদ্যালয় দিবসে জবির স্লোগান ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’
- Update Time : ১১:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ২০৬ Time View

আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস উদযাপিত হতে যাচ্ছে। এ বছর জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’।
শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে এবারের স্লোগান নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আমরা আরও নির্ভীকভাবে এগিয়ে যাওয়ার আশা রাখি।”
প্রক্টর তাজাম্মুল হক আরও জানান, ১৯৯৫ সালের ২ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণার ফলক উন্মোচন করেছিলেন, যা পরবর্তীতে দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলে। এবারের বিশ্ববিদ্যালয় দিবসে সেই ফলকটি পুনঃপ্রতিস্থাপন করা হবে। পাশাপাশি ১৯তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানও একই দিনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর ৮ম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫” পাস হয় এবং ওই বছরের ২০ অক্টোবর জগন্নাথ কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। সেই থেকে প্রতি বছর ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করে আসছে জবি। এবারের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০ বছরে পদার্পণ করবে।















