জাবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অন্যতম পরিকল্পনাকারী শিক্ষক ফরিদ আহমদ আটক
- Update Time : ১১:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- / ২১০ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ভূমিকা রাখার অভিযোগে কলা ও মানবিক অনুষদের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত ৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জবি ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয় এবং কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী তাওহিদ ইসলাম জানান, আজ সকালে ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ে আসলে তারা তাকে চিনতে পারেন। শিক্ষার্থীদের ওপর হামলার জন্য ছাত্রলীগ এবং পুলিশের সহায়তা করায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রয়েছে। এ কারণে তারা ফরিদ আহমদকে পুলিশে সোপর্দ করেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, “শিক্ষার্থীরা অধ্যাপক ফরিদ আহমদকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা আছে। তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। আশুলিয়া থানার কর্মকর্তারা চাইলে তাকে গ্রেপ্তার করতে পারেন। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ফরিদ আহমদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ১৫ জুলাই ছাত্রলীগের এবং ১৭ জুলাই পুলিশি হামলার মদদ দিয়েছেন। ১৭ জুলাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কথোপকথন ফাঁস হলে দেখা যায় যে, তিনি শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করেছেন এবং শেখ হাসিনার পতনের পর তার পদত্যাগ দাবি করে তার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ হয়েছে।
গত ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন, যার মধ্যে হামলার মদদ দেওয়ার অভিযোগে ফরিদ আহমদকে আসামি করা হয়েছে।















