ছাত্র-জনতার অভ্যুত্থানের গৌরবগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা
- Update Time : ০৭:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ২০০ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি সেখানে জুলাই-অগাস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গৌরবগাথা তুলে ধরবেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্র মেরামতের জন্য গৃহীত অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। খবরটি জানায় বাসস।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। নোবেল বিজয়ী ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন এবং ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার ৫ আগস্টের অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন। তিনি উল্লেখ করবেন যে, ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কীভাবে সফলভাবে রুখে দাঁড়িয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে।
এছাড়া, বাংলাদেশের নতুন বিজয়ের পথে গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের হাতে নেওয়া সংস্কার কর্মসূচি নিয়ে ড. ইউনূসের বক্তব্য থাকবে।
পতিত স্বৈরাচার শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করবেন অধ্যাপক ইউনূস। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন, বাংলাদেশ কীভাবে গর্বিত ও মর্যাদাশীল একটি জাতি হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরতে পারে।
শফিকুল আলম জানান, ড. ইউনূস ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানাবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে। এছাড়া তিনি আরও কিছু সাইড ইভেন্টেও অংশগ্রহণ করবেন।











