পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি আফগানিস্তানের
- Update Time : ০২:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮৭ Time View

বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে আফগানিস্তান। দেশটির সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালাবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) TOLOnews এ তথ্য প্রকাশ করে।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করলেও আফগানিস্তানের এমন কোনো ইচ্ছা নেই। বরং তারা শুধুমাত্র পাকিস্তানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করবে।
তিনি আরও অভিযোগ করেন, পরাশক্তির নির্দেশে কাজ করা পাকিস্তানের অভ্যন্তরের একটি নির্দিষ্ট চক্র এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে।

টিটিপি ইস্যুতে পাল্টাপাল্টি দাবি
পাকিস্তান দাবি করেছে, তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর আস্তানায় হামলা চালিয়েছে। তবে জাবিউল্লাহ প্রশ্ন তোলেন, হামলায় যে নারী ও শিশুরা নিহত হয়েছেন, তারা কি টিটিপির সদস্য ছিলেন?
তিনি বলেন, টিটিপিকে লক্ষ্যবস্তু করার অজুহাতে পাকিস্তানের সামরিক বাহিনী আফগান ভূখণ্ডে হামলা চালিয়েছে এবং এতে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সীমান্ত ও নিরাপত্তা পরিস্থিতি
আফগান কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। জাবিউল্লাহ বলেন, অসুস্থ কোনো ব্যক্তিও ডুরান্ড লাইন অতিক্রম করতে পারে না—তাহলে টিটিপির সদস্যরা কীভাবে সীমান্ত পার হয়?
এছাড়া পাকিস্তানে সাম্প্রতিক হামলা ও নিরাপত্তাহীনতার সঙ্গে আফগানিস্তানের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
পাল্টা জবাবের ঘোষণা
জাবিউল্লাহ বলেন, “প্রথমত, আমরা এমন অবৈধ পদক্ষেপের জবাব দেবো। দ্বিতীয়ত, আমাদের নিরাপত্তা জোরদার করবো। তৃতীয়ত, যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেবো।”
গত রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের অভ্যন্তরে ও সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনী বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, ওই হামলায় টিটিপির অন্তত ৮০ জন যোদ্ধা নিহত হয়েছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
















