ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- Update Time : ১২:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩১ Time View

আফ্রিকান বংশোদ্ভূত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে তৈরি একটি বিতর্কিত ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভিডিওটি ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করা হয়েছিল। ভিডিওটি প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে হোয়াইট হাউস। বিতর্ক তীব্র হলে ভিডিওটি দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে এ বিষয়ে ট্রাম্প বলেন, ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গেই তা সরানো হয়েছে এবং তিনি এজন্য কোনো ধরনের ক্ষমা চাইবেন না। তিনি আরও দাবি করেন, ভিডিওটির প্রথম অংশ ছিল “চমৎকার”।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ভিডিওটির প্রথম অংশে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়েছিল। ভিডিওটি প্রকাশের আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে এতে সমর্থনের ইঙ্গিত দেওয়া হলেও পরবর্তীতে সমালোচনার মুখে সেটি সরিয়ে নেওয়া হয়।
সমালোচকরা অভিযোগ করেছেন, ভিডিওটি আফ্রিকান বংশোদ্ভূত জনগোষ্ঠীর প্রতি অবমাননাকর এবং বর্ণবাদী মনোভাবের প্রকাশ। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে নাগরিক অধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ভিডিওটি ভুলবশত একজন কর্মীর মাধ্যমে পোস্ট করা হয়েছিল। তবে এই ব্যাখ্যায়ও সন্তুষ্ট নন সমালোচকরা।
ভিডিওটির শেষ অংশে একটি ছোট বানরের নাচের দৃশ্য দেখানো হয়, যেখানে কৃত্রিমভাবে বারাক ওবামা ও মিশেল ওবামার মুখ বসানো হয়েছিল। এ ঘটনাকে ঘিরে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির মধ্য থেকেও সমালোচনা উঠে এসেছে। দলের কয়েকজন শীর্ষ নেতা ভিডিওটিকে “অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।
















