ফোনে ‘ব্লক’ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার
- Update Time : ০২:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২০ Time View

ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করে দেওয়াকে কেন্দ্র করে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা চরমে পৌঁছায় এবং শেষ পর্যন্ত তা হত্যাকাণ্ডে রূপ নেয়।
নিহত যুবকের নাম কমতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোশনি সূর্যবংশী (২২)-এর সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে পরিণত হয়।
সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কজনিত বিরোধ বাড়তে থাকে। অভিযোগ অনুযায়ী, গত দুই-তিন দিন আগে কমতা হঠাৎ রোশনির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন এবং তার ফোন নম্বর ও মেসেজ ব্লক করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন রোশনি। তিনি সন্দেহ করেন, কমতা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেই সন্দেহ থেকেই তিনি একটি ছুরি নিয়ে কমতার বাসায় যান।
পুলিশের বর্ণনা অনুযায়ী, দরজা খোলার পর রোশনি কমতার কাছে তার মোবাইল ফোন দাবি করেন। কমতা ফোন দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছালে রোশনি কমতার বুকে ছুরিকাঘাত করেন।
ঘরের ভেতরের চিৎকার ও শব্দ শুনে কমতার রুমমেট ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা সুম্মত সাহু বলেন, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, ‘অভিযুক্ত তরুণী ছুরি হাতে ভুক্তভোগীর কক্ষে যান এবং তার ফোন চাইলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। সেই সময় বুকে ছুরিকাঘাত করা হয়, যা তাৎক্ষণিকভাবে প্রাণঘাতী হয়ে ওঠে।’
পুলিশ আরও জানায়, নিহত কমতা প্রসাদ সূর্যবংশী বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তরুণী দাবি করেছেন, তিনি ভয় দেখানোর উদ্দেশ্যেই ছুরি নিয়ে গিয়েছিলেন। তবে পুলিশ তার প্রকৃত উদ্দেশ্য, দুজনের সম্পর্কের ধরন এবং হত্যাকাণ্ডের আগে ও পরে ঘটে যাওয়া ঘটনাগুলোর পূর্ণাঙ্গ প্রেক্ষাপট খতিয়ে দেখছে।
















