২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প, মিয়ানমারে আতঙ্ক
- Update Time : ১০:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৬ Time View

মিয়ানমারে ২০ মিনিটের ব্যবধানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ মিনিটে দ্বিতীয় দফার এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
ইএমএসসির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল নির্ধারণ করা হয়েছে ২০ দশমিক ৫১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৩২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে আনুমানিক ৯৮ কিলোমিটার পশ্চিমে।
এর আগে একই দিন রাত ৯টা ৩৪ মিনিটে মিয়ানমারে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্বল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের প্রভাব বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকা ছাড়াও ভারতের কলকাতায় অনুভূত হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ খবর অনুযায়ী, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।
















