এপস্টেইন কেলেঙ্কারি: ক্লিনটন দম্পতির নতুন নথি ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়
- Update Time : ১২:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১২ Time View

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এসব ফাইলে নতুন করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে এসব নথি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে নতুন করে অস্বস্তিতে ফেলেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইন কেলেঙ্কারি সংক্রান্ত এসব নতুন নথি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন মামলার তদন্তে সমন অমান্যের অভিযোগে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে আদালত অবমাননার ভোট আয়োজনের প্রস্তুতি চলছে।
শুক্রবার প্রকাশিত নথিতে দেখা যায়, বিল ক্লিনটনের কর্মীদের সঙ্গে জেফরি এপস্টেইন এবং তার সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এসব নথিতে একাধিক কুরুচিপূর্ণ ও বিতর্কিত ই-মেইল বিনিময়ের তথ্যও উঠে এসেছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষমতাসীন রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ চলতি সপ্তাহেই ক্লিনটন দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগে ভোট দিতে পারে। এর আগে হাউস ওভারসাইট কমিটিতে রিপাবলিকান সদস্যদের পাশাপাশি কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও তাদের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ডিসেম্বর প্রকাশিত এক দফা নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে বিল ক্লিনটনের ছবি প্রকাশ পায়। পাশাপাশি এক ভুক্তভোগীর সঙ্গে তাকে উষ্ণ প্রস্রবণে (হট টাব) অবস্থান করতে দেখা যাওয়ার তথ্যও আলোচনায় আসে।
এবার প্রকাশিত নতুন নথিতে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়, ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে বিল ক্লিনটন অন্তত ১৬ বার জেফরি এপস্টেইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছিলেন।
এছাড়া নথিতে দেখা যায়, গিজলেন ম্যাক্সওয়েল এবং ক্লিনটনের ঘনিষ্ঠ কর্মীদের মধ্যে ভ্রমণ, নৈশভোজ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন নিয়ে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় ছিল।
নতুন এই নথি প্রকাশের পর এপস্টেইন কেলেঙ্কারি ঘিরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে আবারও তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে।
















