ইরানে প্রবেশের চেষ্টাকালে আরমেনিয়ায় ৭ বাংলাদেশি আটক
- Update Time : ০৯:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৩ Time View

আরমেনিয়ার সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টাকালে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আরমেনিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ‘নিউজ ডট এএম’ এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে একদল বাংলাদেশি নাগরিক আরমেনিয়া থেকে ইরান সীমান্তে প্রবেশের চেষ্টা করেন। তাদের সন্দেহজনক গতিবিধি নজরে এলে আরমেনিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে সাতজনকে আটক করে।
রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির আর্মেনিয়ান শাখা ‘আজাতুতুন’ প্রথম এই খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আটক সবাই বাংলাদেশের নাগরিক এবং তারা কোনো ধরনের বৈধ ভ্রমণ নথি ছাড়াই সীমান্ত অতিক্রমের পরিকল্পনা করেছিলেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে উন্নত জীবনের আশায় অনেক বাংলাদেশি আরমেনিয়া কিংবা অন্যান্য ট্রানজিট দেশ ব্যবহার করে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছেন। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা প্রায়ই প্রবাসীদের আইনি জটিলতা, আটক কিংবা জীবননাশের আশঙ্কার মুখে ঠেলে দিচ্ছে।
















