‘বোম্ব সাইক্লোন’ আঘাত হানতে পারে যে এলাকায়
- Update Time : ১২:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১১৯ Time View

সমুদ্রে সৃষ্ট শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। ভয়াবহ এই শীতকালীন ঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ–পূর্ব ও মধ্য–আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক তুষারপাত, তীব্র ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে ঝড়ের প্রভাব শুরু হতে পারে। শনিবার রাত নাগাদ নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকাগুলোতে তুষারঝড় ও প্রায় হারিকেন গতির দমকা হাওয়ার সম্মিলিত প্রভাবে চরম দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝড়ের গতিপথ যদি উপকূলের আরও কাছাকাছি চলে আসে, তবে সপ্তাহান্তে নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চল—বিশেষ করে পূর্ব ম্যাসাচুসেটসেও তীব্র তুষারপাত ও প্রবল বাতাস আঘাত হানতে পারে।
আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে নর্থ ক্যারোলাইনার উপকূলের কাছে ঝড়টির উৎপত্তি হবে এবং শনিবার দ্রুত উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করবে। আবহাওয়াবিজ্ঞানের পরিভাষায় এই দ্রুত শক্তিশালী হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বোম্বোজেনেসিস। এর ফলে তীব্র ঠান্ডা বাতাস দক্ষিণে নেমে আসবে এবং এমন এলাকাতেও তুষারপাত হতে পারে যেখানে সাধারণত শীতকালীন তুষার খুব কমই দেখা যায়।
দক্ষিণ–পূর্ব যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ বর্তমানে শীতকালীন ঝড় সংক্রান্ত সতর্কতা ও সতর্কবার্তার আওতায় রয়েছে। এর মধ্যে জর্জিয়ার উত্তরাঞ্চল, ক্যারোলাইনা অঞ্চল এবং দক্ষিণ ভার্জিনিয়ার বিস্তীর্ণ এলাকা অন্তর্ভুক্ত। উল্লেখ্য, এসব অঞ্চলের অনেক স্থান এখনো গত সপ্তাহের প্রাণঘাতী শীতকালীন ঝড়ের ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।
















