ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
- Update Time : ১২:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৩৪ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন নগরীতে অ্যাক্টিভিস্ট ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। সম্প্রতি মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের অভিযানে ৩৭ বছর বয়সী মা রেনি গুডকে গাড়ি থেকে টেনে বের করে গুলি করে হত্যার ঘটনার পর থেকেই এই বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওয়াশিংটন ডিসি ও উত্তর ক্যারোলিনার অ্যাশভিলসহ আশপাশের ছোট শহরগুলোতে বিক্ষোভকারীরা মিছিল করছেন। এ সময় তারা “আইসিই নয়, কেকেকে নয়, ফ্যাসিস্ট আমেরিকা নয়” স্লোগান দেন। এসব স্লোগানের মাধ্যমে অভিবাসন নীতি, বর্ণবাদ ও কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।
ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিবাসন নীতির প্রতিবাদে রাস্তায় নামেন। সেখানে তারা “ঘৃণা নয়, ভয় নয়—শরণার্থীরা এখানে স্বাগত” স্লোগান দেন। একইভাবে নিউ মেক্সিকোর সান্তা ফেতে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে ‘আইসিই আতঙ্ক থামাও’ শিরোনামে আয়োজিত এক সমাবেশে অংশ নেয়।
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটারদের কাছ থেকে তারা বৈধ অনুমোদন পেয়েছেন কোটি কোটি অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কারের জন্য। তবে সংবাদে উল্লেখ করা হয়, সাম্প্রতিক একাধিক জরিপে দেখা গেছে—বেশিরভাগ আমেরিকান অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং অন্যান্য ফেডারেল সংস্থার বলপ্রয়োগের বিরোধিতা করছেন।
রয়টার্স জানায়, সাম্প্রতিক এসব বিক্ষোভ মূলত বামপন্থী সংগঠন ইন্ডিভিসিবল, বিভিন্ন শ্রমজোট এবং অভিবাসী হেফাজত শিবিরবিরোধী গ্রাসরুটস সংগঠনগুলোর উদ্যোগে সংগঠিত হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, অভিবাসন ইস্যুতে মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হলে তাদের আন্দোলন আরও জোরদার হবে।
















