যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম
- Update Time : ০৬:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ১৫৫ Time View

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম নিয়ে এমভি এভিটা জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এসে পৌঁছেছে। রোববার (২৮ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাসসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-২-এর আওতায় এই গম আমদানি করা হয়েছে।
সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির যে কার্যক্রম শুরু হয়েছে, তার আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে এই জাহাজে করে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে পৌঁছালো।
আমদানি করা গমের মধ্যে ৩৪ হাজার ১৩৪ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২২ হাজার ৭৫৬ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
ইতোমধ্যে জাহাজে সংরক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দ্রুত গম খালাস ও সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
















