মাত্র দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুললো চীনা ট্রেন
- Update Time : ০৪:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৫০ Time View

মাত্র দুই সেকেন্ডেই ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছেছে চীনের একটি পরীক্ষামূলক ট্রেন—যা আধুনিক পরিবহন প্রযুক্তিতে এক অভাবনীয় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা এই যুগান্তকারী পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন।
পরীক্ষায় দেখা যায়, ট্রেনটি শূন্য গতি থেকে মাত্র দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছে যায়। ত্বরণ এতটাই দ্রুত ছিল যে, চোখের পলকে ট্রেনটি দর্শকদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এমন গতি অর্জন ও নিয়ন্ত্রণ বর্তমান রেল প্রযুক্তিতে একটি বড় মাইলফলক।
চীনের সবচেয়ে দ্রুতগতির ম্যাগলেভ ট্রেন ব্যবহার করেই এই পরীক্ষা চালানো হয়। প্রায় এক টন ওজনের একটি ট্রেনকে এই অসাধারণ গতিতে ত্বরান্বিত করার পাশাপাশি গবেষকরা সেটিকে নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে থামাতেও সক্ষম হয়েছেন—যা প্রযুক্তিগত দক্ষতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক।
আন্তর্জাতিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এই পরীক্ষার মাধ্যমে গতি ও প্রযুক্তির ক্ষেত্রে একটি নতুন ‘বৈশ্বিক মানদণ্ড’ স্থাপিত হয়েছে। এর ফলে এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকন্ডাক্টিং বৈদ্যুতিক ম্যাগলেভ ট্রেন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি প্রকাশিত পরীক্ষার ভিডিও ফুটেজে দেখা যায়, ম্যাগলেভ ট্র্যাকজুড়ে একটি চ্যাসিসের মতো যান বিদ্যুৎচমকের মতো ছুটে চলেছে। মাত্র মুহূর্তের মধ্যে সর্বোচ্চ ত্বরণে পৌঁছে সেটি ট্র্যাকের শেষপ্রান্তে গিয়ে থেমে যায়।
চীনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি জি বলেন, ‘এই অত্যাধুনিক সুপারকন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ সিস্টেম সফলভাবে তৈরি হওয়ায় চীনের অতিদ্রুত পরিবহন গবেষণায় নতুন গতি আসবে। ভবিষ্যতে যাত্রী ও পণ্য পরিবহনে এর বিপ্লবী প্রভাব পড়তে পারে।’
বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য শুধু চীনের প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণই নয়, বরং ভবিষ্যতের বিশ্ব পরিবহন ব্যবস্থার দিকনির্দেশনাও স্পষ্ট করে দিয়েছে।

















