ত্রিপুরায় নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হন বিএসএফ সদস্য
- Update Time : ১০:৪১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ১৬৩ Time View

ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে দায়িত্ব পালনকালে নিজের অস্ত্র থেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য। আহত জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)।
সোমবার গভীর রাতে ধর্মনগরের মাহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিপিন কুমার বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য হিসেবে সেখানে দায়িত্বে নিয়োজিত ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, রাতভর চিকিৎসা চলার পর মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জি বি প্যান্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ঘটনাটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দায়িত্ব পালনকালে বহন করা অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত চলছে।
সূত্র: ত্রিপুরা টাইমস
















