জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা: ওসমান হাদি হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত চাইলেন গুতেরেস
- Update Time : ০২:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৬৪ Time View

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এই অবস্থান প্রকাশ করেন।
মুখপাত্র দুজারিক বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
নির্বাচনী উত্তেজনা প্রসঙ্গে সতর্কতা
বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে মহাসচিব গুতেরেস আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সব রাজনৈতিক পক্ষকে সহিংসতা পরিহার করে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান। তার ভাষায়, উত্তেজনা প্রশমিত করে একটি শান্তিপূর্ণ ও অনুকূল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের পূর্ববর্তী উদ্বেগ
এর আগে, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়। সংস্থাটি এই হত্যার কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা এবং দায়ীদের বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছিল।
হাইকমিশনার ভলকার তুর্ক তার বিবৃতিতে বলেন, গত বছরের ছাত্র-জনতার গণ-আন্দোলনের অন্যতম বিশিষ্ট নেতা ওসমান হাদির মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি স্মরণ করিয়ে দেন যে, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরেই হাদি শেষনিশ্বাস ত্যাগ করেন। তুর্ক সতর্ক করে দিয়ে বলেন, প্রতিশোধের চক্র কেবল সংঘাতকে আরও গভীর করবে এবং সকল নাগরিকের অধিকারকে হুমকির মুখে ফেলবে।
















