সৌদি আরবে ভয়াল ভূমিধস ও বজ্রঝড়, সড়ক চলাচল বন্ধ
- Update Time : ১০:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১১৭ Time View

সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলের তাবুক প্রদেশে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমিধস ঘটেছে। সৌভাগ্যক্রমে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিধসের ফলে গুরুত্বপূর্ণ সড়কে বড় ধরনের গর্ত সৃষ্টি হওয়ায় জরুরি সেবা সংস্থা ওই রাস্তাগুলো দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
সৌদি জিওলজিক্যাল সার্ভের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মাটির সুরক্ষা দুর্বল হওয়ার কারণে অতিবৃষ্টির সঙ্গে ভূমিধসের ঘটনা ঘটেছে। সংস্থাটি জানায়, বর্তমানে নতুন করে ভূমিধসের কোনো ঝুঁকি নেই। বিশেষায়িত উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক করেছে, দুর্ঘটনাস্থলের আশপাশে কোনো অবস্থায় যাওয়া যাবে না। একই সঙ্গে খারাপ আবহাওয়ার সময় জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। তারা স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানিয়েছে।
এদিকে সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি (এনসিএম) সোমবার থেকে বুধবার পর্যন্ত মক্কা অঞ্চলের জেদ্দা, আল কামিল, আদহাম, রাবিঘ, খুলাইস ও বাহরাহসহ কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, প্রবল বর্ষণে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা অঞ্চলের নিম্নাঞ্চল ও উপত্যকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রবল বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি, ধুলিঝড় এবং মাঝারি থেকে ভারী বজ্রঝড়ও দেখা দিতে পারে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কোনো বড় বিপর্যয় এড়ানো সম্ভব হবে।
অন্যদিকে শনিবার তাবুকের হাকল গভর্নরেটে বজ্রঝড়ে ব্যাপক ভোগান্তি তৈরি হয়। আল দুররা সীমান্তচৌকি, ওয়াদি মাবরাক, আল যায়তাহ, রাস আল যায়তাহ, আল খার্জ, আল ওয়াদি আল আব্যাদ, আল মুজাইফিল ও শরিফ মু’তিয়াহসহ বিভিন্ন শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। উলু আল কুসাইর ও আলকান এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে, যার ফলে নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতে আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল এলাকায় নিয়ন্ত্রণ ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা এবং জরুরি অবস্থায় নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
















