ইরানের সরকারকে দুইবার উৎখাতের চেষ্টা ব্যর্থ হয়েছে: মার্কিন রাষ্ট্রদূতের দাবি
- Update Time : ০৮:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১২০ Time View

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারেক এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, অতীতে দুইবার ইরানের সরকারকে উৎখাত করার পরিকল্পনা ও প্রচেষ্টা নিয়েছিল ওয়াশিংটন, তবে সেই দুই প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক পত্রিকা দ্য ন্যাশনাল-এ প্রকাশিত এক বিস্তারিত সাক্ষাৎকারে তিনি এই তথ্য তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের ৯৩টি শাসন পরিবর্তনের প্রচেষ্টা
টম ব্যারেক জানান, ১৯৪৬ সাল থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মোট প্রায় ৯৩টি অভ্যুত্থান, শাসন পরিবর্তন বা বিদেশি সরকার পতনের প্রচেষ্টায় জড়িত ছিল। এই তালিকার মধ্যেই রয়েছে ইরানের বিরুদ্ধে দু’টি অভিযান, যেগুলোর কোনোটিই সফল হয়নি।
তিনি বলেন, “ইরানে ইতোমধ্যেই দুটি শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা হয়েছে। একটিও কার্যকর হয়নি। সেক্ষেত্রে এখন এই বিষয়টি অঞ্চলের নিজের মতো করে সমাধান করতে দেওয়াই যৌক্তিক।”
ট্রাম্প প্রশাসনের নীতিতে ‘পরিবর্তন’ দাবি
ব্যারেক দাবি করেন যে, ট্রাম্প প্রশাসন বিদেশি শাসন পরিবর্তন বা রেজিম চেঞ্জের পুরনো মার্কিন নীতিকে অনুসরণ করছে না। সাম্প্রতিক সময়ে ইরানে যে হামলা হয়েছে—সেটির লক্ষ্য ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন বা সরকারের পতন ছিল না বলেও জোর দিয়ে বলেন তিনি।
তার মন্তব্য অনুযায়ী, ওয়াশিংটন এখন আর আগের মতো অন্য দেশের সরকার পতনে সরাসরি জড়াতে আগ্রহী নয়। বরং আঞ্চলিক শক্তিগুলোকে তাদের সংকট নিজেরা সামাল দেওয়ার সুযোগ দেওয়া উচিত।
তেহরানের সঙ্গে চুক্তির সম্ভাবনার কথা উল্লেখ
টম ব্যারেক আরও বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর জন্য উন্মুক্ত। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানই এখন সবচেয়ে যৌক্তিক পথ বলে মনে করেন তিনি।
















