উপবন এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ
- Update Time : ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ৯৪ Time View

মৌলভীবাজারে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল প্রায় ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে, ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করবে এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসটি চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল (লুব্রিকেন্ট তেল) পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ইঞ্জিনজুড়ে ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এই ঘটনার ফলে সিলেটগামী কয়েকশ যাত্রী চরম দুর্ভোগে পড়েন এবং সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প ইঞ্জিন যুক্ত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং এখন পর্যন্ত বড় ধরনের সময়সূচি বিপর্যয়ের আশঙ্কা নেই।













