মন্ত্রিপরিষদের নতুন সচিব ড. নাসিমুল গনি
- Update Time : ০১:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৯ Time View

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। প্রায় চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে অবসরে পাঠানো হয়।
পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তাকে পুনরায় দায়িত্বে আনে। সে সময় রাষ্ট্রপতির কার্যালয়ের জনপ্রশাসন বিভাগে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে। সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা ও নীতিনির্ধারণী পর্যায়ে কাজের অভিজ্ঞতার কারণে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তার নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।










