অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
- Update Time : ১২:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৪৮ Time View

অভিনেত্রী ও মডেল ঊর্মিলা শ্রাবন্তী, প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই স্টুডিওর’ স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।
গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। তিনি বলেন, এনফোর্সমেন্ট অভিযানে প্রাপ্ত তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট তিনজনের সম্পদ ও দায়-দেনার হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দুদক জানায়, শাহরিয়ার করিম ভূঁইয়া ‘আলফা আই স্টুডিওর’ স্বত্বাধিকারী এবং ‘এসভিএফ-আলফা আই প্রোডাকশন’-এর সহপ্রতিষ্ঠাতা। বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম আগে ‘গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড’-এর স্বত্বাধিকারী ছিলেন। বর্তমানে তিনি ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ‘ডট বার্থ’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মডেল ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি লাভ করেন।
সংস্থাটি আরও জানায়, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কার্যালয় সরেজমিনে পরিদর্শন, বিভিন্ন নথিপত্র যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়। পাশাপাশি অভিযোগ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করা হয়।
পরবর্তীতে এসব তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে একটি প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট তিন ব্যক্তির সম্পদ ও দায়দেনার হিসাব তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক।










