প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
- Update Time : ০৫:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১৪৭ Time View

আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে এই রুলে।
রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি বলেন, গত বছরের ২৭ আগস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে দীর্ঘ সময় পার হলেও প্রধান নির্বাচন কমিশনার সেই আদেশ বাস্তবায়ন করেননি। আদালতের আদেশ অমান্যের অভিযোগে বাধ্য হয়েই আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
জানা গেছে, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টের শরণাপন্ন হন।










