স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ২৭ হাজার টাকা, টানা সপ্তমবার নতুন রেকর্ড
- Update Time : ১০:০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ১৪৩ Time View

দেশের বাজারে টানা সপ্তমবারের মতো স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সর্বশেষ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম এক হাজার ৫৭৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। রোববার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। একই সঙ্গে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছয় হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ভরি চার হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন আসতে পারে।










