গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
- Update Time : ০৯:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৮৪ Time View

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এই আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই ‘ভোটের গাড়ি’ কার্যক্রম শুরু হয়েছে। প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ি দেশের ৬৪টি জেলা এবং তিন শতাধিক উপজেলা ঘুরে ভোটারদের মধ্যে গণতন্ত্র, ভোটাধিকার ও গণভোটের গুরুত্ব তুলে ধরবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ভোটাধিকার কোনো দয়া নয়, এটি জনগণের সাংবিধানিক অধিকার। দেশের ভবিষ্যৎ কোন পথে অগ্রসর হবে, তা নির্ধারিত হবে এবারের নির্বাচন ও গণভোটের মাধ্যমে।
তিনি আরও বলেন, নিষ্ক্রিয়তা নয়—সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ নিশ্চিত করবে। জুলাই সনদের পক্ষে জনগণের ভোটই নির্ধারণ করবে আগামী বহু বছরের জন্য বাংলাদেশ কোন পথে এগিয়ে যাবে। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি পুনরায় আহ্বান জানান।













