৩ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের দুটি মামলা
- Update Time : ১২:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৩৯ Time View

জনতা ব্যাংক থেকে বিভিন্ন খাতে ঋণ নিয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুই মামলায় গ্রুপটির কর্ণধার সাইফুল আলম মাসুদসহ মোট ৬৮ জনকে আসামি করা হয়েছে।
বুধবার চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদকের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, প্রথম মামলায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে নেওয়া ২ হাজার ৩২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৯১৮ টাকা ৪০ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সাইফুল আলম মাসুদকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি পরিচালক আব্দুল্লাহ হাসান, সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলমসহ এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক এবং জনতা ব্যাংকের একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এ মামলায় মোট ৩২ জনের নাম উল্লেখ রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৯ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত কোভিড প্রণোদনা, এলটিআর (লেটার অব ট্রাস্ট রিসিপ্ট) লোনসহ বিভিন্ন ধরনের ঋণের মাধ্যমে পরিকল্পিতভাবে এই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়।
অপর মামলায় এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত ১ হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা ৫২ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক শাহানা ফেরদৌস, ব্যবস্থাপনা পরিচালক মিসকাত আহমেদ এবং জনতা ব্যাংকের দুই কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।
দুটি মামলাতেই আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ (বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা) ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
দুদক জানিয়েছে, অভিযোগগুলোর তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










