হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক, শরীরে ছড়িয়ে পড়েছে সংক্রমণ—অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
- Update Time : ১২:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৫৪ Time View

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং একই সঙ্গে তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এসব জটিলতার কারণে গত রাতেই তার অবস্থা আরও খারাপের দিকে যায় এবং বর্তমানে তিনি ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির সঙ্গে আজ বৃহস্পতিবার সকালে শেষবারের মতো দেখা করার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। পরিবারের সদস্যদের মধ্যে গভীর উৎকণ্ঠা ও শঙ্কা বিরাজ করছে।
এদিকে ঢাকায় হাদির চিকিৎসায় যুক্ত থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ গত রাতে গণমাধ্যমকে জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই জটিল পরিস্থিতির কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলে তিনি উল্লেখ করেন।
এর আগে রাতেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ হিসেবে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন দায়িত্বশীল উপদেষ্টারা এবং সংশ্লিষ্টদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছে। ওই কর্মকর্তা হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুর সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে জরুরি সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন বলে জানা গেছে।
অন্যদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে অনির্ধারিতভাবে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা ও করণীয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে উপদেষ্টারা মতবিনিময় করেন। একই সঙ্গে হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হত্যাচেষ্টাকারী ও তাদের সহযোগীদের ধরার বিষয়ে তদন্তের সর্বশেষ অগ্রগতিও উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়।













