জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের
- Update Time : ০৪:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৫৩ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার দুপুরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে এ উদ্বেগজনক তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পরিবারের সম্মতিতে তাকে সিঙ্গাপুরেই অস্ত্রোপচার করার অনুমতি দেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। পোস্টে বলা হয়, “আপনারা দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।”
তবে একই সঙ্গে ওই পোস্টে কঠোর রাজনৈতিক কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের বক্তব্য অনুযায়ী, যদি ওসমান হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, তাহলে বাংলাদেশের স্বাধীনতাকামী ও নির্যাতিত জনগণকে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হবে।

স্ট্যাটাসে আরও বলা হয়, হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে সারাদেশ অচল করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তাহলে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে।
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওসমান হাদির শারীরিক অবস্থা এবং ইনকিলাব মঞ্চের ঘোষিত কর্মসূচি পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট মহল।













