ফরিদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, থানায় জিডি
- Update Time : ০২:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১৫৬ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলায় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় পেট্রল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেছে। এ ঘটনায় মধুখালী থানায় অভিযোগ (জিডি) করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে, রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায়।
রায়পুর শাখার দ্বিতীয় শাখা ব্যবস্থাপক বাবুল হোসেন জানিয়েছেন, “দুর্বৃত্তরা ব্যাংকের মূল দরজার সামনে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তারা জানালার মাধ্যমে ভেতরে আগুন দেওয়ার চেষ্টা করলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি। সকালে আমরা ঘটনাটি দেখে থানায় জিডি করেছি।”
অন্যদিকে, শাখার ব্যবস্থাপক নবিনা নুরুল পিয়া বলেন, “দিবাগত রাত ৩টা থেকে ৩.৩০টার মধ্যে দুর্বৃত্তরা দরজার সামনে পেট্রল দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও দরজার সামনে কালো ধোঁয়া লক্ষ্য করা গেছে। আমরা স্থানীয় থানায় জিডি করেছি এবং ঘটনার তদন্ত চলছে।”
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই আগুন দেওয়ার চেষ্টা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্কতা বৃদ্ধি করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।










