দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
- Update Time : ০৭:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৫২ Time View

দেশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৫ জেলায় একযোগে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এই পদক্ষেপকে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বদলি হওয়া জেলা প্রশাসকদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরা এবং স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) এর একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই বদলির মাধ্যমে প্রশাসনের গতি ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি মাঠ প্রশাসনে নতুন নেতৃত্ব আনাই সরকারের উদ্দেশ্য। তারা আশা করছেন, অভিজ্ঞ ও নবনিযুক্ত কর্মকর্তাদের এই সমন্বয় জেলা পর্যায়ের প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে।
নতুন জেলা প্রশাসকদের আগামী সপ্তাহের মধ্যেই দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।










