এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার হবে ডাকসুর ভোট গণনা
- Update Time : ১০:৫১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২১২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। এবারের নির্বাচনে ভোট গণনার প্রতিটি ধাপ সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হবে, যেখানে ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে শিক্ষার্থীরা বাইরে থেকেই ফলাফল প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এই পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করবে এবং ফলাফল নিয়ে সম্ভাব্য বিতর্ক অনেকাংশে হ্রাস করবে।
আগামীকাল সোমবার, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এর আগে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ৭ সেপ্টেম্বর রাত ১১টায়।
এবারের নির্বাচনে মোট ২৮টি পদে লড়বেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং শিক্ষার্থীরা উদ্দীপনার সঙ্গে ভোটের প্রস্তুতি নিচ্ছেন।
ভোটগ্রহণের জন্য মোট আটটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলোর তালিকা নিম্নরূপ—
- কার্জন হল কেন্দ্র: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।
- শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের ভোটগ্রহণ হবে এখানে।
- টিএসসি কেন্দ্র: শুধুমাত্র রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ–কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।
- নবাব
নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের ভোট এখানেই হবে।
- উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।
- ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দেবেন এখানে।
- ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: শামসুন নাহার হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি ভোট গণনা দেখানোর ফলে শিক্ষার্থীদের মধ্যে আস্থা বাড়বে এবং নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে গুজব বা অবিশ্বাসের সুযোগ কমে আসবে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
শিক্ষার্থীদের প্রত্যাশা, এবারের ডাকসু নির্বাচন হবে স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দীর্ঘদিন পর আয়োজিত এই ভোট প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্যকে নতুনভাবে প্রাণ দেবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।










