প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল
- Update Time : ০৯:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭৬ Time View

অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “লইয়ারদের বিরুদ্ধে কনটেমট হয়, কিন্তু জাজদের বিরুদ্ধে কেন হয় না? প্রধান বিচারপতি আপনার বিচারকদের বলে দিবেন—আমার কোনো লইয়ার যেন কোনো বিচারকের দ্বারা অসম্মানিত না হয়। আমি বলেছিলাম, বাংলাদেশের প্রায় ৮০ হাজার লইয়ার আপনার আদালতের কর্মকর্তা। তাই প্রিজাইডিং জাজ হিসেবে কেউ যেন কোনো লইয়ারের সঙ্গে দুর্ব্যবহার করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধান বিচারপতি মনে রাখবেন, আপনিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।”
তিনি আরও বলেন, কোনো বিচারকের আচরণের কারণে যদি বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়, তবে সেই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন।
অ্যাটর্নি জেনারেল অভিযোগ করে বলেন, “কিছু কুলাঙ্গার বিচারপতি অতীতে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের মধ্যে অনাস্থা তৈরি করেছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ধরনের বিচার ব্যবস্থা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, ভবিষ্যতে যদি আবার তেমনটা করা হয়, তবে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়া শুরু হোক।”










