বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা-প্রিয়াঙ্কা
- Update Time : ০৪:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ২৩১ Time View

বাংলাদেশের চলমান ইসকন ইস্যু নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং কংগ্রেস নেত্রী ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।
মমতা ব্যানার্জী বলেছেন, “কোনো ধর্মের ওপর আঘাত আমি চাই না। বাংলাদেশের ইসকনের প্রতিনিধির সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু এটি অন্য দেশের বিষয়, তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি।“
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এক প্রশ্নের জবাবে মমতা এসব কথা বলেন।
তার আগে, তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় দিল্লির সংসদ ভবনে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, “এই ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক এবং চিন্তার বিষয়। হিন্দুদের ওপর এমন অত্যাচার হওয়া উচিত নয়। আমি এর নিন্দা জানাই।“
তবে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তার পরবর্তী সহিংসতা নিয়ে মমতা ব্যানার্জীর এই মন্তব্যই প্রথম। এর আগে বিজেপি নেতারা প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর চলমান সহিংসতার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের কোনো প্রতিক্রিয়া কেন আসেনি।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমাগত সহিংসতার ঘটনা অত্যন্ত চিন্তাজনক।“
প্রিয়াঙ্কা আরও বলেন, “আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব, যেন এই বিষয়ে হস্তক্ষেপ করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরা হয়।“
এই দুই নেত্রীর মন্তব্য ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।











