শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি: মিয়া গোলাম পরওয়ার
- Update Time : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ২১২ Time View

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি দেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে যাচ্ছেন। এই ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
শনিবার (১৬ নভেম্বর) সকালে ডুমুরিয়া ডিগ্রি কলেজ মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার আরও বলেন, “৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো সন্তান তার পিতার সন্ধানে কবরখানাগুলোতে খুঁজছে। বুলেট দিয়ে মানুষ হত্যা এবং মানুষকে আগুনে পুড়িয়ে তিনি দেশের প্রতি যে অপরাধ করেছেন, তা এ দেশের মানুষ কখনো ক্ষমা করবে না।”
তিনি স্মরণ করিয়ে দেন যে এক সময় ডুমুরিয়া ও ফুলতলা উপজেলাগুলো সন্ত্রাসী ও চরমপন্থিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। জনগণকে সঙ্গে নিয়ে সেই সন্ত্রাস দমন করেছেন বলেও উল্লেখ করেন।
জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “ডুমুরিয়া-ফুলতলা অঞ্চলের জলাবদ্ধতা একটি বড় সমস্যা। ইতোমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই সমস্যা একার পক্ষে সমাধান করা সম্ভব নয়।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য মৌলিক কিছু সংস্কার নিশ্চিত করতে হবে।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর দক্ষিণ শাখার আমীর মাওলানা মুখতার হুসাইন। অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী ও উপজেলা কৃষক দলের সভাপতি কবির হোসেন।











