ফ্যাসিস্টের শেকড় এতটাই গভীরে যে তাদের বিরুদ্ধে লড়াই সহজ নয়-ড. আসিফ নজরুল
- Update Time : ০৪:৪৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / ১৮৭ Time View

‘ফ্যাসিস্টের শেকড় এতটাই গভীরে যে তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়,’ বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে। গত ১৫ বছরে তারা শক্তি জড়ো করেছে, আর আমরা মাত্র কয়েক সপ্তাহ ধরে এই প্রক্রিয়ার বিপরীতে কাজ করছি।’
আজ শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসএপিরেন্স (এএফএডি)-এর দুই দিনব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন
ড. আসিফ নজরুল আরও বলেন, খুনের চেয়েও গুম ভয়াবহ। তবে সরকারের সক্ষমতায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু গুমের বিরুদ্ধে আইন প্রণয়নে আন্তরিকতার কোনো ঘাটতি নেই অন্তর্বর্তী সরকারের। তিনি জানান, গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসন নিয়ে সরকার চিন্তাভাবনা করছে।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘বর্তমান সরকার গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে রয়েছে।’
অ্যাটর্নি জেনারেল এ অনুষ্ঠানে উল্লেখ করেন, ‘আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করছি, গুমের মতো অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি অধ্যাদেশের খসড়া প্রণয়ন করুন। যাতে এ ধরনের অপরাধ আর কেউ করতে না পারে।’











