তেহরানে শক্তিশালী বিস্ফোরণ, ইসরায়েলের হামলার দাবি
- Update Time : ০৭:০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১৯৯ Time View

ইরানের রাজধানী তেহরানে শুক্রবার রাতে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিস্ফোরণগুলো তেহরানের বিভিন্ন এলাকায় ঘটে। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে, বিস্ফোরণের শব্দ রাজধানীর আশেপাশে শোনা গেছে। তবে বিস্ফোরণগুলোর উৎস বা কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি রাজধানীর নিকটবর্তী কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তিনি প্রায় সাতটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা আশপাশের এলাকা কাঁপিয়ে দেয়।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “ইরান থেকে ইসরায়েলের ওপর সম্প্রতি চালানো হামলার প্রতিক্রিয়ায়, এখন তারা ইরানের সামরিক স্থাপনায় নির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে।” যুক্তরাষ্ট্রও এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েল আত্মরক্ষার জন্য ইরানের সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ চালাচ্ছে, যা গত ১ অক্টোবরের ইরানী হামলার জবাব।
গত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা এবং সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় হামাস ও হিজবুল্লাহর নেতারা নিহত হওয়ার পর ১ অক্টোবর ইরান ইসরায়েলের দিকে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি গত ছয় মাসে ইরান থেকে ইসরায়েলের দিকে পরিচালিত দ্বিতীয় হামলা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট আগেই সতর্ক করে বলেছিলেন, ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে শত্রুদের ‘চড়া মূল্য’ দিতে হবে।











