বিশ্বের ৭টি দেউলিয়া হওয়ার ঝুঁকিপূর্ণ দেশ: তালিকায় বাংলাদেশও
- Update Time : ০২:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ২১৬ Time View

বিশ্বের ৫০টি দেশ বর্তমানে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে বাংলাদেশও অন্যতম। দুই বছর আগে জাতিসংঘের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে সতর্কতা জারি করেছিলেন। এবার ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সাতটি দেশের অর্থনৈতিক দুরবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
এই সাতটি দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া এবং ঘানা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের মোট ঋণের পরিমাণ বর্তমানে ১৫৬ বিলিয়ন ডলার, যা ২০০৮ সালের তুলনায় পাঁচগুণ বেশি। এছাড়া, এসঅ্যান্ডপি গ্লোবালসহ বেশ কয়েকটি রেটিং এজেন্সি বাংলাদেশকে ‘জাঙ্ক’ হিসেবে মূল্যায়ন করেছে।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তনের প্রভাব আগে থেকেই ঋণ পরিশোধের ক্ষমতা দুর্বল করে দিয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও ২০২৩ সালের জানুয়ারিতে ৩২ বিলিয়ন ডলার থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরে নেমে এসেছে ২০ বিলিয়ন ডলারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক টাকার মূল্যমান কমালেও এতে অর্থনৈতিক সংকট নিরসনের কোনো স্থায়ী সমাধান আসেনি। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অনুমান করছে, ২০২৫ সালে মুদ্রাস্ফীতি ১০.১ শতাংশে পৌঁছাতে পারে।
ব্যাংকগুলোর অনাদায়ী ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তারল্য সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও বর্তমানে ঋণ সংকট পরিলক্ষিত হচ্ছে না, তবে অর্থনীতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কিছুটা স্বস্তি দিয়েছে, যা ২০২৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশকে প্রদান করা হবে।
২০২২ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার সতর্ক করেছিলেন যে, ৫০টি দেশ দেউলিয়া হওয়ার আশঙ্কার মুখে রয়েছে, যার কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও ঋণের বাড়তি চাপ। ইউএনডিপি প্রধানের সেই সতর্কবার্তা এখনও প্রাসঙ্গিক, কারণ ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশ দেউলিয়া হয়ে পড়েছে।











