আগাম জামিন পেলেন জামায়াত এমপি আমির হামজা
- Update Time : ১২:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৩৬ Time View

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা একটি মানহানি মামলায় আগাম জামিন পেয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাকে এই জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, তাকে ৮ সপ্তাহের জন্য আগাম জামিন দেওয়া হয়েছে।
মামলার পটভূমিতে জানা যায়, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে এক আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন। এর আগেও তার বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।
পরবর্তীতে ২ এপ্রিল সিরাজগঞ্জে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে মুফতি আমির হামজা উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেন এবং সশরীরে আদালতে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নেন।
শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করে নির্দিষ্ট সময়ের জন্য আগাম জামিন দেন।









