দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
- Update Time : ০৫:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১১৮ Time View

দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, রাত ৩টার দিকে দাউদকান্দি এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় ৭ জন নিহত ও অন্তত ৬ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি মহান আল্লাহর কাছে তাদের শহীদ হিসেবে কবুল করার দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, বারবার এমন দুর্ঘটনা প্রমাণ করছে যে দেশের সড়ক ব্যবস্থাপনায় গুরুতর দুর্বলতা বিদ্যমান। বেপরোয়া গতিতে যান চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, ফিটনেসবিহীন যানবাহন এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি প্রতিনিয়ত মানুষের প্রাণহানি ঘটাচ্ছে।
তিনি অবিলম্বে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে কার্যকর নজরদারি জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করেন।













