ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগিতে মিললো অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি
- Update Time : ০৫:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ১২৮ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (৬ এপ্রিল) পুলিশ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করে। যদিও এর আগের দিন রোববার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে এসব শাড়ি উদ্ধার করা হয়, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি বিশেষ দল কর্ণফুলী কমিউটার ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ভারতীয় ১ হাজার ৮০ পিস শাড়ি জব্দ করা হয়। তবে জড়িতদের শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।
রেলওয়ে পুলিশ আরও জানায়, জব্দকৃত মালামাল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সেগুলো আদালতে পাঠানো হবে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সিলেট রেলওয়ে পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









