টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
- Update Time : ০৫:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২২১ Time View

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি উপভোগ করতে যাচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে সাপ্তাহিক ছুটি থাকায় এই ছুটি মিলিয়ে মোট তিন দিনের বিরতি তৈরি হয়েছে।
সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) নিয়মিত সাপ্তাহিক ছুটি। এর পরদিন রোববার ইস্টার সানডের ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা তিন দিনের বন্ধে যাচ্ছে।
এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় ব্যতীত) আবারও আংশিক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইন নয়, বরং অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ বা মিশ্র শিক্ষা পদ্ধতি চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা আংশিক সময় শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠ গ্রহণ করবে এবং বাকি সময় অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে অংশ নেবে। এতে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস পরিচালনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া জোড়-বিজোড় দিনের ভিত্তিতে ক্লাস ভাগ করার বিষয়টিও আলোচনায় এসেছে। পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন এবং ব্যবহারিক ক্লাসগুলো সশরীরে নেওয়া হবে।









