প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত সরকারের
- Update Time : ০৯:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৬০ Time View

গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের প্রেক্ষিতে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) সম্পূর্ণভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি সরকার গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছে। তিনি আরও বলেন, “গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই আমরা এই মিটার চার্জ পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের মূল্য পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই চার্জ আদায় করা হচ্ছে, যা অযৌক্তিক।
উল্লেখ্য, এ চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল। সরকারের এ সিদ্ধান্তে সাধারণ গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।













