টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল
- Update Time : ০৪:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৮৯ Time View

সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা পূর্বে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাবেন—এ মর্মে দেওয়া আগের রায় বহাল রেখেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়–এর করা রিভিউ আবেদন খারিজ করে আদালত এ সিদ্ধান্ত দেন। প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। অপরদিকে রিটকারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এই রায়ের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী উচ্চতর গ্রেড প্রাপ্তির পথ আরও সুগম হলো।
আদালত সূত্রে জানা যায়, নতুন পে-স্কেলে উচ্চতর গ্রেড দেওয়ার বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় একটি রিভিউ আবেদন দাখিল করেছিল। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেন। ফলে পূর্বে দেওয়া রায়টিই এখন চূড়ান্ত হিসেবে কার্যকর থাকবে।
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল, যারা পূর্ববর্তী বিধি অনুযায়ী টাইম স্কেল বা সিলেকশন গ্রেড ভোগ করেছেন, তারাও নতুন বেতন কাঠামো অনুযায়ী উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন। এর আগে উচ্চ আদালত সেই সুবিধা বহাল রেখে রায় দিয়েছিলেন। তবে অর্থ মন্ত্রণালয় ওই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করে। সর্বশেষ আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে চাকরিজীবীদের পক্ষেই রায় বহাল রাখলেন।














