শিক্ষকদের বেতন-ঈদ বোনাস কবে? যা জানা গেল
- Update Time : ০২:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৭৮ Time View

এমপিওভুক্ত শিক্ষকদের ঈদুল ফিতরের উৎসব ভাতা নিয়ে এখনো চূড়ান্ত প্রস্তাবনা তৈরি হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই এ সংক্রান্ত প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর একটি সূত্র জানায়, শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব আজই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। বেতন সংক্রান্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর ঈদ উৎসব ভাতার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।
সূত্র আরও জানায়, আগামী সপ্তাহে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল ঈদ উৎসব ভাতার প্রস্তাব প্রস্তুত করবে। পরে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন মিললেই দ্রুত অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হবে।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করেই বেতন ও উৎসব ভাতার প্রস্তাব পাঠানো হচ্ছে।
এদিকে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর জানান, ‘ঈদ উৎসব ভাতা শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই পাবেন। আমরা ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছি।’









