শহীদ মিনারে গিয়ে জামায়াত নিজেদের ‘রিব্র্যান্ডিং’ করেছে: শিক্ষামন্ত্রী
- Update Time : ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৮২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ মিনারে যাওয়ার মধ্য দিয়ে নিজেদের নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অতীতে দলটি শহীদ মিনারে যাওয়ার প্রথায় বিশ্বাসী না হলেও বর্তমান প্রেক্ষাপটে সেখানে উপস্থিত হয়ে তারা একটি ‘রিব্র্যান্ডিং’-এর বার্তা দিতে চাচ্ছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে রূপকল্প সামনে রেখে কাজ করছেন, তাতে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি জামায়াতের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে। তার ভাষায়, এটি দলটির একটি পূর্ণাঙ্গ ‘রিব্র্যান্ডিং’-এর অংশ, যার মাধ্যমে তারা নিজেদের নতুনভাবে তুলে ধরতে চাইছে।
শিক্ষকদের উদ্দেশে এহছানুল হক মিলন বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের প্রচলিত ধ্যানধারণার বাইরে এসে সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় মনোযোগ দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো যত্ন নিয়ে শিক্ষা দিলে বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও মৌলিকভাবে সংস্কার করাও জরুরি বলে তিনি মত দেন।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।













