নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত সচিবালয়
- Update Time : ১২:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৫ Time View

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে বরণ করতে প্রস্তুত দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়। সকাল থেকেই সেখানে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যস্ততার ছাপ। অনেক কর্মকর্তা-কর্মচারীকে ফুলের মালা হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্সও সকাল থেকে কঠোর নিরাপত্তা বলয়ে অবস্থান নিয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর থেকেই সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে সাজসজ্জা ও প্রস্তুতির দৃশ্য চোখে পড়ে। বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষটি আগের দিনই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। নতুন দায়িত্ব গ্রহণকে সামনে রেখে পুরো ভবনেই ছিল নবউদ্যমের আবহ।
মঙ্গলবার শপথগ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। শপথ অনুষ্ঠিত হয় বঙ্গভবন-এ। দেশ পরিচালনার প্রথম কর্মদিবসে বুধবার তিনি সচিবালয়ে প্রথম অফিস করবেন। সেখানে মধ্যাহ্নভোজের পাশাপাশি বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথাও রয়েছে। বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ উপলক্ষে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করায় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দেখা গেছে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কক্ষে নতুন নামফলক লাগানো হয়েছে এবং অফিসগুলো নতুনভাবে সাজানো হয়েছে।
প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও নিজ নিজ দপ্তরে যোগ দেবেন। তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। পাশাপাশি সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমেও সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন মন্ত্রিসভার সদস্যরা।













