৮২ ঘণ্টার জন্য নিজ এলাকা ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি ইসির
- Update Time : ০৫:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৮ Time View

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাড়ে ৮১ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে পাঠান।
নির্দেশনায় বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত রাখতে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত ওই নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।
এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অর্থাৎ প্রায় ৮২ ঘণ্টা সময়জুড়ে নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান করতে পারবেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।













