যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি
- Update Time : ০৭:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩২ Time View

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশের এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ওই এলাকায় যেকোনো সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও বিভিন্ন দাবি নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে বলে জানায় ডিএমপি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কেবল টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।
ডিসি তালেবুর রহমান আরও জানান, ঘটনার প্রকৃত তথ্যকে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন—এমন বিষয় পুলিশের নজরে এসেছে। তিনি স্পষ্ট করে বলেন, সম্পূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে এবং এতে কোনো গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি।
এই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন উল্লেখ করে তিনি জানান, পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়েছেন। এ নিয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।













