স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা
- Update Time : ১২:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৪ Time View

দেশের বাজারে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
এর আগে সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি রাতে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।
ওই সমন্বয়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৭ দফা কমানো হয়েছে। অপরদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।
স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ৩১ জানুয়ারি সকালে নির্ধারিত মূল্য অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৩২ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ১৪ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ দফা দাম বেড়েছে এবং ৫ দফা কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ১০ বার দাম বেড়েছিল এবং মাত্র ৩ বার কমেছিল।










