জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে ৩ ফেব্রুয়ারি
- Update Time : ০৯:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৯ Time View

নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই নতুন নোট প্রচলনে আসবে। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। সর্বশেষ এ ধারাবাহিকতায় যুক্ত হচ্ছে নতুন ১০ টাকার নোট।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর স্বাক্ষরিত নতুন নোটটি প্রথমে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ইস্যু করা হবে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও নোটটি সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন ডিজাইনের ১০ টাকার নোট চালু হলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ১০ টাকার বিশেষ নমুনা বা স্পেসিমেন নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের মিরপুরস্থ টাকা জাদুঘর বিভাগ থেকে নির্ধারিত মূল্যে এসব নোট সংগ্রহ করতে পারবেন।
নতুন ১০ টাকার নোটটির দৈর্ঘ্য ১২৩ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সামনের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা ব্যবহার করা হয়েছে। নোটের পেছনের অংশে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র। পুরো নোটে গোলাপি রঙের আধিক্য চোখে পড়ে।
নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, তার নিচে ইলেকট্রোটাইপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। সম্মুখভাগে সংযোজিত ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতায় ‘$10 দশ টাকা’ লেখা রয়েছে, যা আলোয় ধরলে স্পষ্ট দেখা যায়। নোট নাড়াচাড়া করলে সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়।
এ ছাড়া গভর্নরের স্বাক্ষরের ডান পাশে ‘সি-থ্রু ইমেজ’ প্রযুক্তিতে একটি প্যাটার্ন যুক্ত করা হয়েছে, যা আলোয় ধরলে ‘১০’ অঙ্কটি দৃশ্যমান হয়। পাশাপাশি সম্মুখ ও পেছনভাগে নির্দিষ্ট স্থানে মাইক্রোপ্রিন্টিং সংযোজন করা হয়েছে।










