নির্বাচনকে কেন্দ্র করে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক
- Update Time : ০৯:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৮ Time View

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ দুই দিন ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্থগিত থাকবে এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিশেষ ছুটি ঘোষণা করে এ তথ্য জানায়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংকে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম চলবে না।
এদিকে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে। ফলে নির্বাচন উপলক্ষে টানা চার দিন—১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের সুবিধার্থে আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণাও দেওয়া হয়েছে।
টানা চার দিনের ছুটির কারণে ব্যাংকিং সেবা গ্রহণে আগেভাগে প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।










